বিনোদন ডেস্ক: সানি লিওনকে অবিলম্বে ভারত থেকে তাড়ানোর দাবি জানিয়েছে দেশটির হিন্দু জনজাগৃতি সমিতি। এই অভিনেত্রীর সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা রাগিনী এমএমএস টু মুক্তি পাওয়ার পরেই সংগঠনটি এ দাবি জানিয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, হিন্দু জনজাগৃতি সমিতির রোষে পড়েছেন সানি। শুধু ছবির উপর নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকেনি হিন্দু সংগঠনটি। সানিকে দেশ থেকে বিতাড়িত করতেও উঠে পড়ে লেগেছেন তারা। রাগিনী এমএমএস টু ছবিতে ‘শ্রী হনুমান চলিসা’র ব্যবহার নিয়ে সেন্সর বোর্ডকে চিঠি লিখেছে হিন্দু এ সংগঠনটি। এই চিঠিতে বলা হয়েছে, কুখ্যাত পর্নস্টার সানি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শ্রী হনুমান এমন একজন যার নিজের অঙ্গ, চরিত্রের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যার সঙ্গে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে, সেই হনুমানজীর নাম নিয়ে ভারতীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। তাই হিন্দু জনজাগৃতি সমিতি ছবির ওপর নিষেধাজ্ঞা দাবি করেছে। সানি ভারতের নতুন প্রজন্মের রুচিকে বিকৃত করছে। ওকে অবিলম্বে ভারত থেকে বিতাড়িত করা উচিৎ।