ঢাকা: দেশের সব পোশাক কারখানা ডাটাবেইজ সফটওয়্যারের আওতায় আসছে। আগামী ৩০ মার্চ রোববার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিভাবে ডাটাবেইজ সফটওয়্যার উদ্বোধন করা হবে। ডাটাবেইজ সফটওয়্যার চালুর মাধ্যমে দেশের সব শিল্প অঞ্চলের (পোশাক) কত শ্রমিক কাজ করে তা মুহূর্তের মধ্যে জানা যাবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাটাবেইজ উদ্বোধনের মাধ্যমে স্থগিত শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ১৬টি শর্তের মধ্যে ১৫তম শর্তটি পূরণ হবে। এদিকে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বেশকটি কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে। এ ছাড়া স্থগিত আদেশ প্রত্যাহারের জন্য বেশবিছু শর্ত আরোপ করে।
ইতোমধ্যে বাংলাদেশ তার সেসব শর্তের মধ্যে ১৫টিই পূরণ করেছে। বাকি আছে কেবল গার্মেন্ট পরিদর্শক নিয়োগ। ৩১ মার্চের মধ্যে ২০০ গার্মেন্টস পরিদর্শক নিয়োগ-প্রক্রিয়াও শেষ হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, ‘শিল্প-কারখানায় এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ইরোপিয়ন ইউনিয়ন, আইএলও, এ্যাকোর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি, এ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি- সকলেই বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলোতে সন্তুষ্ট। এর আগে গত ৬ মার্চ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছিলেন, জিএসপি সুবিধা পেতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশকে সব শর্ত পূরণ করতে হবে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধার মাধ্যমে ৫৬ মিলিয়ন ডলার আয় করে। যার মধ্যে পোশাক খাতে রয়েছে মাত্র ১০ মিলিয়ন ডলার। আর্থিক বিবেচনায় বিষয়টি তৈরি পোশাক খাতের জন্য যতোটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে দেশের ইমেজ হিসাবে দাঁড়িয়েছে এই জিএসপি। বিষয়টির দ্রুত মীমাংসা না হলে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারেও বাংলাদেশ জিএসপি সুবিধা হারানোর আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১২ জনের মৃত্যু এবং গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১৩২ জনের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর গত বছর জুনে আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার (জিএসপি) স্থগিত করে দেশটি। এই সুবিধা ফিরে পেতে বাংলাদেশের জন্য বেশ ১৬টি শর্ত পূরণ স্বাপেক্ষে জিএসপি সুবিধার আশ্বাস দেওয়া হয়।