আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গোয়েন্দা নজরদারির তালিকায় এবার নাম এসেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবির। শনিবার জার্মান পত্রিকা দার স্পিগেল গোপন এই তথ্য প্রকাশ করেছে। তালিকায় শতাধিক বিশ্বনেতার নাম রয়েছে বলেও জানিয়েছে পত্রিকাটি।
এর আগে এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলও এই নজরদারির আওতায় রয়েছেন।
ওই তথ্যে আরো দেখা যায়, ২০১৩ সালের মার্চে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি-এনএসএ আদালত থেকে জার্মানির বিপক্ষে গোপন আদেশের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে।
এর আগে গত বছরের অক্টোবরে জার্মান চ্যান্সেলরের ফোনে আড়িপাতার বিষয়টিও আলোচনায় নিয়ে আসে জার্মান পত্রিকা দার স্পিগেল। আর এর ফলে জার্মান-যুক্তরাষ্ট্রের এ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
এনএসএ’র একটি অনুসন্ধান পদ্ধতির নাম নিমরদ। যেখানে শ্রেণীবদ্ধভাবে এ ধরনের রাজনৈতিক ব্যক্তিদের নামের তালিকা করা হয়েছে। জার্মান চ্যান্সেলর মার্কেল ছাড়াও সেখানে সিরিয়ার বাশার আল আসাদের নাম রয়েছে। এছাড়াও আছে বেলারুশের আলেকজান্ডা লুকাশেঙ্কাে ও আলভেরো উরিবের নাম।
দার স্পিগেল জানিয়েছে, তারা যে গোপন তালিকাটি পেয়েছে সেখানে ১১ জনের নাম থাকলেও নজরদারির পুরো তালিকাতে রয়েছে ১২২ জনের নাম। নামের প্রথম অক্ষর অনুসারে সাজানো এই তালিকায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বাদাবি আছেন শুরুতেই।
এনএসএ’র আভ্যন্তরীণ তথ্য অনুসারে সেখানে ফোন কল, ফ্যাক্স ও অন্যান্য যোগাযোগের বিষয়গুলো অন্তর্ভূক্ত আছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেইডেন জার্মান চ্যান্সেলর সম্পর্কে দ্যা ইন্টারসেপ্টকে বলেছেন, ওবামা প্রশাসন পূর্বে বা এখন কোন ধরনের নজরদারি করছে না।