দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আলাউদ্দিন মিয়া বলেছেন, শিক্ষা মানুষকে সমৃদ্ধ করে ও উন্নত করে। শিক্ষা মানুষকে সত্যিকার মানুষে পরিণত করে। মানুষকে মানুষ হিসেবে চিনতে সহায়তা করে। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার উন্নয়নে জাতীয় বাজেটে ২০ ভাগ বরাদ্দ রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে সোয়ার্থমোর এডুকেশন বাংলাদেশ আয়োজিত শিক্ষা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রস্তাবিত সোয়ার্থমোর ইউনিভার্সিটির (উত্তরবঙ্গ ইউনিভার্সিটি) ভিসি ড. জন হোয়াইট, সোয়ার্থমোর ফাউন্ডেশন ট্রাস্ট্রি বোর্ড সদস্য খালেদ শওকত আলী ও অতিশ দিপঙ্কর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জেবুন নাহার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. কান্তা রায় রিমি, জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিন আকতার, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য, সোয়ার্থমোর এডুকেশন বাংলাদেশ’র ট্রাস্ট্রি বোর্ড সদস্য গোল্ম মোস্তফা প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোয়ার্থমোর ইউনিভার্সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ওলিউর রহমান নয়ন। আলোচনা সভায় আগত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রস্তাবিত সোয়ার্থমোর ইউনিভার্সিটির (উত্তরবঙ্গ ইউনিভার্সিটি) ভিসি ড. জন হোয়াইট, সোয়ার্থমোর ফাউন্ডেশন ট্রাস্ট্রি বোর্ড সদস্য খালেদ শওকত আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ওলিউর রহমান নয়ন। অনুষ্ঠানে দিনাজপুরে বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে কম খরচে উচ্চ শিক্ষা অর্জন করতে পারবে বলে সকলকে আশ্বস্ত দেয়া হয়।