ঢাকা: গাজীপুরের টঙ্গী এলাকায় ট্রেনকে লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে নিলয় (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিলয়ের মা রুমা আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, গত ৪ দিন আগে গাজীপুরে আসি। শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ট্রেনটি টঙ্গী রেলস্টেশনের ১০০ গজ দুরে থাকা অবস্থায় একটি পাথর আমার ছেলে নিলয়ের মাথার বাম পাশে লাগে।
পরে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসি। আহত নিলয় চাঁদপুর জেলার মতলব থানার মহনপুর গ্রামের রিপু হাওলাদারের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানিয়েছেন, নিলয়ের মাথার বাম পাশের হাড় ভেঙ্গে গেছে।