চট্টগ্রাম: চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে করা এনবিআরের একটি মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের সুপারিশের ভিত্তিতে মামলাটি প্রত্যাহার করা হয়। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আতাউর রহমানের আদালত মামলা প্রত্যাহারের আদেশ দেয়।
বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৭ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেন আয়কর বিভাগের অতিরিক্ত সহকারী কর কমিশনার জিয়াউল হক।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৪-০৫ অর্থ বছর থেকে ২০০৬-০৭ অর্থ বছর সময়ে মহিউদ্দিন চৌধুরী মোট এক কোটি ১৩ লাখ ২৯ হাজার ১৫ টাকার আয় গোপন করেন। এতে আয়কর বিভাগ মোট ২৭ লাখ ৫৮ হাজার সাত টাকা আয়কর বঞ্চিত হয়।
২০০৯ সালের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপির কাছে চিঠি পাঠানো হয়।
তবে মামলাটিতে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় তা প্রত্যাহার করা সম্ভব হয়নি। পরে এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় স্থগিতাদেশ প্রত্যাহার করে উচ্চ আদালত।