
সিসি নিউজ: চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই ও মস্তাননগর স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরে চট্টগ্রামের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।
জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কর্ণফুলী এক্সপ্রেস মেইল ট্রেনটির পেছনের দিককার তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।’
দুর্ঘটনা কবলিত একটি বগির নিচে দুজনকে চাপা পড়ে মৃত অবস্থায় দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম স্টেশন ম্যানেজার শামসুল আলম জানান, ঢাকাগামী মেইল ট্রেনটি বেলা ১১টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।