ঢাকা: চলতি অর্থ বছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৪ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। চলতি অর্থবছরের ৭.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল আওয়ামী লীগ সরকার। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা কমিয়ে ৬.৫ শতাংশে নামিয়ে এনেছে সরকার। জাহিদ হোসেন বলেন, ‘এই ৫.৪ শতাংশ প্রবৃদ্ধি মোটেও অসন্তোষজনক নয়। বাংলাদেশ যেহেতু ছয় শতাংশের মতো প্রবৃদ্ধি হয়ে আসছে সে কারণে এটা কম মনে হতে পারে। কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করলে এটি সন্তোষজনক বলে বিশ্বব্যাংক মনে করে।’
অন্যান্য দেশের মধ্যে ভারতে ৪.৮, নেপালে ৩.৮, পাকিস্তানে ৩.৪, শ্রীলঙ্কায় ৭.৪ অর্জিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে এডিবি ৫ দশমিক ৭ শতাংশ, আইএমএফ ৬ শতাংশের নিচে প্রবৃদ্ধি অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে।
বিশ্বব্যাংক বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের অর্থনীতির ১.৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেবাখাতে, ৮৬ শতাংশ। শিল্প খাতে ১১ শতাংশ। কৃষিতে ৩ শতাংশ।