ঢাকা: ছাত্রলীগ নেত্রীদের জন্য এখন থেকে আর ট্রেনের ভাড়া লাগবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ছাত্রলীগ নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বলছি, তোমরা যদি সারাদেশে ট্রেনে ভ্রমণ করতে চাও তবে তোমাদের কোনো ভাড়া লাগবে না। সকল ব্যবস্থা আমি করবো। বুধবার সকালে রাজধানীর বকশীবাজারে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের যে কোন জায়গায় ছাত্রলীগ নেত্রীদের অনুষ্ঠানে আমি অতিথি হয়ে অংশ নিতে চাই। আজ এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি সাবিনা আক্তার শিউলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ স্বপ্না রাণী সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।