সিসি নিউজ: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পুনর্বহালের দাবি জানিয়েছেন দুমকি উপজেলা জাপার নেতারা। তাকে পুনর্বহাল না করলে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা।
শুক্রবার বিকালে সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদারের বাসভবনে আয়োজিত জাতীয় পার্টির এক সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাপা নেতারা বলেন, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। অনতিবিলম্বে এবিএম রুহুল আমিন হাওলাদারকে তার স্বপদে পুনর্বহাল করতে হবে। অন্যথায় জাতীয় পার্টি ও অংগ সংগঠনসমূহের নেতাকর্মীরা গণপদত্যাগসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে দুমকি উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সৈয়দ জসিম উদ্দিন, মো. সহিদুল ইসলাম, হারুন অর রশিদ, মো. বশির উদ্দিন ও মো. ফয়সাল মৃধা প্রমুখ বক্তব্য দেন।