সিসি ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় একটি বিয়েবাড়িতে ডাকাতদের গুলিতে বরের বড় ভাই নিহত হয়েছেন। তার নাম আহম্মদ ছবা (৫০)। এসময় পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হন আরো নয়জন।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ওই বিয়েবাড়িতে ১৫/২০ জনের ডাকাতদল হানা দেয়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় ডাকাতের গুলিতে বরের বড়ভাই আহম্মদ ছবা ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আরো পাঁচজন গুলিবিদ্ধসহ নয়জন আহত হয়েছেন।
সংঘবদ্ধ ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে বাইশারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতদলের গুলি ও হামলায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাইশারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।