সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শনিবার স্থানীয় শহীদ দিবস পালন করেছে প্রজন্ম ’৭১। সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে সৈয়দপুরের সকল ভবন শীর্ষে কালো পতাকা উত্তোলন, স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পন, রাষ্ট্রীয় ভাবে শহীদদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ, শহীদদের ছবি প্রদর্শনী, আলোচনা সভা, মসজিদ মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা, শোক পদযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান।
শহরের জিআরপি মোড়ে স্মৃতি অম্লান চত্ত্বরে সকাল ১১টা থেকে এক ঘণ্টা ব্যাপি সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রজন্ম ’৭১ এর সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আলিম উদ্দিন, শহীদদের সন্তান বখতিয়ার কবির, এএসএম মঞ্জুর হোসেন, অধ্যক্ষ আব্দুল হাফিজ, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, প্রজন্ম ৭১’র সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ১২ এপ্রিল পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশিয় দোসরেরা তৎকালিন প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) ডা. জিকরুল হক, নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. ইয়াকুব আলী, ডা. বদিউজ্জামান, ডা. শামসুল হক, রামেশ্বর লাল আগরওয়ালা, যমুনা প্রসাদ, কমলা প্রসাদ, আয়েজ উদ্দিনসহ সৈয়দপুরের বুদ্ধিজীবীদের হত্যা করে। বিহারি অধ্যুষিত এ শহরে ৪ হাজার অবরুদ্ধ নিরীহ বাঙালিকে নির্মম ভাবে হত্যা করে তারা। ওই শহীদদের স্মরণ করতে প্রতি বছর স্থানীয় ভাবে শহীদ দিবস পালন করা হচ্ছে। বক্তারা শহীদদের তালিকা রাষ্ট্রীয় ভাবে প্রকাশের দাবি জানান তারা। শোক পদযাত্রায় শহরের বিভিন্ন শিা প্রতিষ্ঠানে কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়।