অর্থ-বাণিজ্য ডেস্ক: জাল সঞ্চয়পত্রের মাধ্যমে নয় কোটি টাকা আত্মসাতের দায়ে আরব-বাংলাদেশ ব্যাংকের (এবি) কর্মকর্তাসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে এ চার্জশিট দাখিল করেন।
চার্জশিটের আসামিরা হলেন- এবি ব্যাংকের সিনিয়র অফিসার এম এম মাকছুদ মজুমদার, জালিয়াত চক্রের সদস্য আতিকুর রহমান, তৌহিদ মাহমুদ, নজরুল ইসলাম, আবদুল খালেক ওরফে ওমর চন্দ্র দাস, আবদুল কাইয়ুম মোল্লা, মো. জামাল উদ্দিন হাওলাদার, মো. দুলাল হাওলাদার, জাকির শেখ, কাজী জসিমুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম, জাকির হোসেন, মো. শাহ আলম, তানভীর, এইচ এম বারিক, আমিনুল ইসলাম, আইনুল হক, আসাদুজ্জামান মিঠু, মো. নূরুজ্জামান ফকির মিসেস মুরশিদা আফরিন।
দুদক জানায়, ভুয়া প্রতিষ্ঠানের নামে একটি জালিয়াত চক্র সঞ্চয়পত্রের বিপরীতে ব্যাংক থেকে নয় কোটি ২৭ লাখ ৯১ হাজার টাকা আত্মসাৎ করে। এই অভিযোগে এবি ব্যাংকের মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপকসহ ১৬ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিল দুদক।
পরবর্তী সময়ে দুদকের তদন্তে আরো পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিন্তু ব্যাংকটির ম্যানেজার এম এম আসিরুল ইসলাম মৃত্যুবরণ করায় চার্জশিটে ২০ জনকে আসামি করা হয়।