ঢাকা : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় ১২ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার সকালে র্যাবের সহকারী কমিশনার কাজেমুর রশিদ ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয়েছে ২৬ জনকে। মামলায় মোট ৬ আসামি দায় স্বীকার করে আদারতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ মামলায় অভিযুক্ত আসামিরা হলেন, জাহিদ সিদ্দিকী তারেক, সাখাওয়াত হোসেন চঞ্চল, ফাহিমা ইসলাম লোপা, মো. জাহাঙ্গীর মণ্ডল, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল মামুন, চুন্নু মিয়া, আরিফ, ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী। এদের মধ্যে ইব্রাহীম খলিল, রফিকুল ইসলাম এবং শরীফুদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন।
প্রসঙ্গত ২০১৩ সালের ২৯ জুলাই মধ্যরাতে গুলশান ১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুলকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে। রাতেই উত্তরার একটি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে র্যাব। গত বছরের ৩১ জুলাই রাতে ‘ক্রসফায়ারে’ নিহত হন তারেকসহ দুজন। নিহত রিয়াজুলের ভাই মেজর রাশেদুল হক খান বাদী হয়ে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় মামলা করেন। এর এক দিন পর এ খুনের মামলা তদন্তে র্যাবকে দায়িত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।