ঢাকা: শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার জানিয়েছেন, শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার দায়িত্ব নেবে সরকার। এজন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধিমালা সংশোধন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইনের অধীনে একটি বিধিমালা রয়েছে। শিগগিরই আমরা বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নেবো।
মিকাইল শিপার বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি সহায়তা রয়েছে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সহায়তা নেই। আমরা সব ধরনের শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করতে চাই।
সচিব বলেন, শ্রমিকদের সন্তানরা ডাক্তার, প্রকৌশলী হতে পারে। তারা যদি উচ্চশিক্ষা নিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, আমরা শ্রমিকের সন্তানের দায়িত্ব নেবো।
সচিব আরো বলেন, ফাউন্ডেশনের বর্তমান বিধিমালা অনুযায়ী একজন শ্রমিককে একবারে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া যায়। কিন্তু রানা প্লাজা ধসের পর আমরা এক লাখ টাকা করেও সহায়তা দিয়েছি। তাই বিধিমালা সংশোধন করে একবারে সহায়তার পরিমাণ এক লাখ টাকা করা হবে।