লালমনিরহাট : লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় নারীসহ ৩০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সবাই সাবেক এক প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় বলে জানা গেছে।
আটকদের মধ্যে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশিষ, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবিব লাভলু, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সদস্য সাফি ও পরীক্ষার্থী শারমিন আফরোজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেলে শহরের দোয়েল আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি কক্ষ থেকে তাদেরকে আটক করে। এ সময় আটকদের কাছ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও ২৩টি মোবাইল উদ্ধার করা হয়। লালমনিরহাট সদর থানার এসআই লেবু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।