পঞ্চগড়: পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ পরিবার ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুণ লাগার পর মানুষ দিকবিদিক ছুটোছুটি করে পালাতে থাকে। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গ্রামের ২৭ টি পরিবারের প্রায় ৫২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, গৃহপালিত গরু-ছাগল, ধান, চাউলসহ ঘরের সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, গিতালগছ গ্রামের রমিজুলের বাড়ির রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত।
শনিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে প্রতি পরিবারকে ৩০ কেজি চাল, ২ হাজার টাকা ও ২ টি করে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতির পরিমাণ নিশ্চিত করে তাদের ত্রান ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধিনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।