ঢাকা: তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চে জনগণের অংশ নেওয়ার আহবান সংবলিত প্রচারণা শুরু করেছে বিএনপি। রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। শনিবার দুপুর ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত তারা এ কার্যক্রম চালান। এ সময় এম কে আনোয়ার বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের ন্যায্য পানির দাবি নিয়ে বিএনপি লংমার্চসহ আন্দোলন করছে। সরকার যদি আমাদের এ লংমার্চে বাধা দেয় তাহলে জনগণই এর প্রতিরোধ করবে।’ তিনি লংমার্চে বাধা না দিতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এম কে আনোয়ার আরও বলেন, ‘ভোটার বিহীন প্রহসনের নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে তা অবৈধ।
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভোট চুরি ও কেন্দ্র দখল করে নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেই প্রতিষ্ঠিত করেছে। তিনি অবিলম্বে এ স্বৈরাচার সরকারকে পদত্যাগ করে সকল দলের অংশ গ্রহণের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান।