সিসি নিউজ: সৈয়দপুরে গোয়েন্দা পুলিশ সেজে এক বৃদ্ধার ২ ভরি ওজনের স্বর্ণের গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টায় শহরের সৈয়দপুর-দিনাজপুর সড়কের রোস্তম এ্যান্ড সন্স এর গলিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মৃত সরেতুল্লাহ হাজির বৃদ্ধা স্ত্রী প্রতিদিনের ন্যায় মর্নিং ওয়াক শেষে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সামনে একটি কালো রংয়ের কার দাড়ানো রয়েছে। বৃদ্ধা বাড়ির ভিতর ঢুকতেই ৪ জন ব্যক্তি কার থেকে বের হয়ে পিছন থেকে বৃদ্ধাকে বুড়িমা বলে ডাক দেয়। বৃদ্ধা মহিলা তাদের ডাকে সাড়া দিয়ে পিছন ফিরতেই তারা বলে আপনার বাড়িতে বোমা রাখা আছে। যে কোন সময়েই সেটি ফেটে প্রাণহানী ঘটতে পারে। আমরা গোয়েন্দা পুলিশ। বোমাটি উদ্ধার করতেই উপর থেকে আমাদের পাঠানো হয়েছে। বৃদ্ধা তাদের কথায় আৎকে উঠলে তারা বৃদ্ধার বাড়ি সংলগ্ন রোস্তম এ্যান্ড সন্স নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের গলিতে নিয়ে যায় এবং সেখানে ধারালো অস্ত্র ঠেকিয়ে গলা ও কানের প্রায় ২ ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে কারে চড়ে সটকে পড়ে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে বৃদ্ধা এ ঘটনা সকলকে জানায় এবং আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমানের সাথে। তিনি বলেন এমন ঘটনার কোন সংবাদ জানা নেই। তাছাড়া শহরের ব্যস্ততম ওই সড়কে এমন ঘটনা ঘটলে অবশ্যই তা টক অব দ্যা টাউনে পরিনত হতো। আসলে ছিনতাইয়ের এমন ঘটনা আদৌ ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য সৈয়দপুর শহরে গত ক’দিনে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নয়নে জিআরপি মিলনায়তনে ব্যবসায়ী ও সংবাদকর্মীর সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।