ঢাকা: দুইটি সামরিক শাসন আমলের জারিকৃত ৫৫০টি অধ্যাদেশের মধ্যে প্রয়োজনীয় ২৫৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করছে সরকার। এরমধ্যে ১৬টি অধ্যাদেশকে আইনে পরিণত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বাকি ২৪১টি অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্যও কাজ শুরু করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ইতোমধ্যে ১৬টির অধ্যাদেশের মধ্যে ১৩টিকে আইন হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই ১৩টির মধ্যে ১১টি অধ্যাদেশকে সংসদে আইন হিসেবে পাশ করা হয়েছে।
অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের প্রসঙ্গে মোশাররাফ হোসাইন বলেন, এসব অধ্যাদেশ অনেক পুরনো। সত্তর-আশির দশকের এসব অধ্যাদেশগুলোকে আইনে করতে গেলে অনেক সময় প্রয়োজন। কেননা এগুলো বেশিরভাগই ইংরেজিতে। এগুলো এখন বাংলায় করতে হবে। সর্বোচ্চ আদালত এগুলোকে বাংলায় করার জন্য নির্দেশ দিয়েছেন।
পুরনো হওয়ায় এগুলোকে আইন করতে হলে অনেক কিছু আপগ্রেড করতে হবে। এজন্য প্রত্যেকটা অধ্যাদেশ রিভিউ পর্যালোচনা করতে হবে বলে জানান তিনি।