সিসি নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক সরকার ছাড়া তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব নয়।
তিনি বর্তমান সরকারকে একটি অগণতান্ত্রিক সরকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে সাথে নিয়ে পানির ন্যায্য হিস্যা আদায় করতে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে চাপ দেওয়া হবে।’ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে বগুড়ার মাটিডালী মোড়ে পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সভাপতিত্বে ওই পথসভায় কেন্দ্রীয় বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় নেতবৃন্দ বক্তব্য রাখেন। পথসভা শেষে লংমার্চের গাড়িবহর গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়।
এর আগে সকাল ৯ টায় রাজধানী ঢাকা উত্তরার আমির কমপ্লেক্স থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে লংমার্চের যাত্রা শুরু হয়। পথে গাজীপুরের কালিয়াকৈরে প্রথম, টাঙ্গাইলের বাইপাস সড়ক মোড়ে দ্বিতীয়, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে তৃতীয় এবং চতুর্থটি বগুড়ায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার শেষ পথসভাটি গাইবান্ধার পলাশবাড়ীতে। এই পথসভা শেষে লংমার্চ রংপুর শহরে গিয়ে রাতে যাত্রাবিরতি দেবে। রংপুরে বুধবার সকালে পথসভা করে নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করবে। ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের লংমার্চ।