ঢাকা: মেট্রোরেল পরিচালনায় ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ’ গঠনের বিধান রেখে মেট্রোরেল আইন, ২০১৪ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা বলেন, ‘ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধু সেতু এবং পদ্মাসেতু প্রকল্পের মতো বিশেষ বিধান রেখে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’
তিনি বলেন, এ কর্তৃপক্ষে একজন নির্বাহী পরিচালক থাকবেন। তিনি হবেন কর্তৃপক্ষের প্রধান। এই আইনের আওতায় বৃহত্তর ঢাকার ছয়টি জেলা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ওই সব জেলায়ও যদি এ ধরনের প্রকল্প নেওয়া হয় তখন সেগুলো এই কর্তৃপক্ষ দেখভাল করবে। প্রস্তাবিত মেট্রোরেলের রুটটি হবে উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এর মধ্যে ১৬টি স্টেশন থাকবে। এই ১৬টি স্টেশন হবে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, কাজিপাড়া, তালতলা, আগারগাও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও মোড়, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও সর্বশেষ বাংলাদেশ ব্যাংক।
এই কর্তৃপক্ষ একটি কমিটির মাধ্যমে বিভিন্ন দূরত্বে ভাড়া নির্ধারণ করবে। এছাড়া মন্ত্রিসভার এ বৈঠকে সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন ২০১৪ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়।