সিসি নিউজ: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে অপহরণ রোধে ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করেছে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সানোয়ার হোসেনের নেতৃত্বে ৪০ সদস্য নিয়ে এই ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করা হয়েছে।
তিনি জানান, রাজধানীতে না হলেও সম্প্রতি নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে অপহরণের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। অপহরণের ঘটনা এড়াতে অথবা অপহৃত ব্যক্তিকে দ্রুত উদ্ধারে রাজধানীতে একটি ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করা হয়েছে।
এদিকে অপহরণ রোধে ডিএমপির পক্ষ থেকে চারটি ফোন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে: ০১৭১৩৩৯৮৩২৭, ০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪, ০১৭১৩৩৭৩২১৬।
মনিরুল ইসলাম জানান, এই নম্বরগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। যে কেউ এসব নম্বরে ফোন করে অপহরণ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে পারবে। তারা ইচ্ছা করলে নিজেদের নাম-পরিচয় গোপন রেখেও তথ্য দিতে পারবে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’র সদস্যরা দ্রুত ব্যবস্থা নেবে।