
বাগেরহাট: পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বাগেরহাটের শরনখোলায় শামীম রেজা (৩৩) নামের এক পল্লী চিকিৎসককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে তাকে অপহরণ করা হয় বলে শামীমের আত্মীয়রা জানান।
এ ঘটনায় শামীমের ভাগ্নে সাইফুল ইসলাম শরনখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শনিবার সকালে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কাজল বেগম ও তার শ্বশুর হোসেন আলীকে আটক করেছে।
অপহৃত শামীম রেজা পটুয়াখালীর কলাপাড়া এলাকার নতুন পাড়া গ্রামের বাসিন্দা। তিনি শরনখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে চিকিৎসা সেবা দিত।
এদিকে থানায় সাধারণ ডায়েরির পর শামীমের মোবাইল দিয়ে তার ভাগ্নে সাইফুল ইসলামের মোবাইলে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে বলে জানান সাইফুল।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. সালেক জানান, পুলিশ অপহরণকারীদের আটকের জোর চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকটি টিম অভিযানে রয়েছে। তবে পুলিশি তৎপরতার পর অপহরণকারীরা ভিন্ন কৌশল নিয়েছে বলে ধারনা করছে পুলিশ।