পঞ্চগড়: পঞ্চগড়ে রিপন হত্যার প্রকৃত খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে রিপনের আত্মীয় স্বজন ও এলকাবাসী। রোববার দুপুরে শহরের প্রাণ কেন্দ্র শেরেবাংলা পার্কে প্রায় এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রিপনের বিক্ষুদ্ধ আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা অবিলম্বে রিপন হত্যার প্রকৃত খুনিদের চিহ্নত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
রিপনের বাবা গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, রিপন যে দোকানের কর্মচারী ছিল সে দোকানের মালিক আব্দুল জব্বারই এই হত্যাকান্ডে পরিকল্পনাকারী বলে তিনি সন্দেহ করেন। তিনি আরও বলেন, ওর মেয়ের সাথে রিপনের প্রেমের সম্পর্ক ছিল। তাই তিনিই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারেন। হত্যাকান্ডের দিন যে মামলাটি করা হয়েছে সেখানে প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে বাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ গভীর রাতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে ফ্ল্যাক্সি লোড দোকান কর্মচারী রিপন(২০)কে নৃশংস ভাবে খুন হয়। সে দীর্ঘ দিন থেকে স্থানীয় ব্যবসায়ী আব্দুল জব্বারের ফ্ল্যাক্সি লোড দোকান কর্মচারী হিসেবে কাজ করত এবং সে মালিকের বাড়িতেই থাকতো। ২১ মার্চ গভীর রাতে দোকান মালিক জব্বারের বাড়িতেই রিপন খুন হয়। পরদিন সকালে বোদা থানা পুলিশ নিহত রিপনকে জব্বারের বাড়ি থেকে উদ্ধার করে।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মজনুর রহমান জানান, ঘটনার দিন যে মামলাটি হয়েছে তাতে কোন আসামীর নাম উল্লেখ নেই, ইতিমধ্যে আল আমিন ও জাহেদুল নামে দুইজনকে সন্দেহ মূলক আটক করা হয়েছে। এ মামলার বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।