সিসি নিউজ: ফেনী শহরের পেট্টোবাংলা এলাকার মোবারক নামের এক চা দোকানী পাওনা টাকা না দিতে আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজিয়ে মামলা করে উল্টো ফেঁসে গেছেন। পুলিশ তাকে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ জানুয়ারী রামপুর নেয়ামত উল্লাহ কাজী বাড়ীর মফিজের ছেলে জাহাঙ্গীরের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন লীপুর জেলার রায়পুর থানায় রওশন আলীর ছেলে মোবারক আলী (৪০)। শর্তানুযায়ী নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করে গড়িমসি করে। জাহাঙ্গীর ক্রমেই পাওনা টাকার জন্য চাপ দিতে থাকে। এতে মোবারক চলচাতুরির আশ্রয় নেয়। একপর্যায়ে মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ করে নির্জন জায়গায় আত্মগোপন করেন। এদিকে পরিবারের লোকজন তাকে অপহরণ করেছে মর্মে পাওনাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। খবর শুনে জাহাঙ্গীরও গা ঢাকা দেন। পুলিশ খোঁজাখুজি করেও জাহাঙ্গীর ও মোবারককে না পেয়ে তাদের পিতাদের থানায় নিয়ে আসে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিজ বাসা থেকে মোবারককে ধরে নিয়ে আসে।
এসআই শাখাওয়াত হোসেন জানান, পাওনা টাকা না দিতে মোবারক অপহরণ নাটক সাজিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।