সিসি নিউজ: নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতার করতে আদালতের দেয়া আদেশের কপি জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকালে পুলিশ সদর দফতর থেকে আদেশের কপিটি নারায়ণগঞ্জে পাঠানো হয়।
র্যাবের এই তিন কর্মকর্তা হলেন র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা। সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়।
নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের ওই তিন কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, দণ্ডবিধি বা বিশেষ কোনো আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় গ্রেফতার করতে হবে।
গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রুল জারির পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি এ আদেশ দেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।