ঢাকা: বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর মগবাজারে পুলিশ পরিচয়ে পান দোকানি মো. বাবুকে (২২) কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর জখম ওই পান দোকানি বাসাবোর মাদারটেক এলাকার বাসিন্দা। আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাবুর বন্ধু সাগর জানান, মাদারটেক চৌরাস্তায় বাবুর একটি পান দোকান আছে। ভোর ৬টার দিকে কারওয়ানবাজার যাচ্ছিলেন কলা কিনতে। মগবাজারে ইসপাহানি স্কুলের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন তার গতিরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাবুর কাছে ইয়াবা আছে বলে তল্লাশি চালান।
সাগর আরও জানান, তল্লাশির এক পর্যায়ে বাবুর পকেটে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নিতে গেলে বাবু বাধা দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পিঠে, হাতে ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।