ঢাকা: বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে আন্দোলন করে দেশে সাংবিধানিক শুণ্যতা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে যুবলীগ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে শেখ হাসিনার নেতৃত্বে আমরাই প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করি।তত্ত্বাবধায়ক সরকার পাওয়ার পর দেখেছি এই সরকারের রুপ কি। পরবর্তীকালে তত্ত্ববধায়ক সরকার গণতন্ত্রের পরিপন্থি হয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে। এরই পরিপ্রেক্ষিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। যা আর কোনদিনই ফিরে আসবে না। আগমী নির্বাচনও তত্ত্বাবধায়ক ছাড়া শেখ হাসিনার অধীনেই হবে।
মন্ত্রী বলেন, বিএনপি দেশ ও দেশের স্বার্বভৌমত্বে এবং জাতীয় সংগীতে বিশ্বাস করে না।তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের বিচার বাধাগ্রস্থ করার অপপ্রয়াস চালাচ্ছে। এই ষড়যন্ত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। স্বাধীনতার বিরুদ্ধে। যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।