সিসি নিউজ: বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে এখন আইনের শাসন নেই। মানবাধিকার নেই। বেআইনী সরকার অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। নির্যাতন-নিপীড়ন করে মানুষ হত্যা করছে। আমরা এর বিরুদ্ধে সোচ্চার। তাই বিশ্বের বিবেকবান মানুষের কাছে আহ্বান আমাদের রক্ষা করুন।
শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্ট থেকে বের হয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আইনজীবীদের সমাবেশ করতে না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আইনজীবীরা যথাযথ অনুমতি নিয়েই সমাবেশের প্রস্তুতি নিয়েছিল। এ প্রসঙ্গে তিনি পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রধান বিচারপতি কিংবা রেজিস্ট্রারের কোনো অনুমতি নেই, পারলে এমন কাগজ দেখান।