কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ধাইজান পাড়া গ্রামের দফাদার তালেব উদ্দিন (৪৮) দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
পুটিমারি ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানায়, শুক্রবার গভীর রাতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি তালেব উদ্দিনকে ঘুমন্ত অবস্থায় কোপাতে থাকে। এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীর লোকজন ছুঁটে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে আহত তালেব উদ্দিনকে গ্রামবাসীর সহায়তায় প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়। রোববার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর সুত্রে জানা গেছে,তিন স্ত্রীর সংসারে তালেব উদ্দিনের পারিবারিক বিরোধ লেগেই ছিল। ঘটনার রাতে দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারার ঘরে ঘুমে ছিল সে। তবে আঞ্জুয়ারা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলমের সাথে কথা হলে তিনি জানান, দফাদার তালেবের মৃত্যুর কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।