নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ আরো দুজন। রোববার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
কমিশন সূত্র জানায়, বঙ্গবীর কাদের সিদ্দিকীর পক্ষ থেকে রোববার বিকেলে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কাদের সিদ্দিকী ছাড়া অপর দুজন হলেন- কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী। মনোনয়নপত্র সংগ্রহকারী এ তিনজনের মধ্যে শেষ পর্যন্ত কে প্রার্থী থাকবেন তা এখনো চূড়ান্ত করেনি দলটি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান ৩০ এপ্রিল মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। আগামী ২৬ জুন আসনটিতে ভোট গ্রহণ হবে।
স্বতন্ত্র দল থেকে ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।