ময়মনসিংহ: নেত্রকোনা জেলা প্রশাসককে প্রত্যাহার, পুলিশী চাঁদাবাজি, রুট পারমিট বহির্ভূত সিএনজি অটোরিকশা, মাহেন্দ্রা ত্রি-হুইলার, ইমা, চলাচল বন্ধের দাবীতে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহসহ আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার দুপুরে জুবলীঘাটস্থ ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি কার্যালয়ে এক বৈঠক শেষে পরিষদের আহ্বায়ক এবং এফবিসিসিআই’র পরিচালক আমিনুল হক শামীম এ কথা জানান।
সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করা সহ ছয় দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, ঢাকা এবং গাজীপুরে পরিবহণ ধর্মঘট হবে। এর আগে একই দাবিতে গত ১৫ মে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ২৯ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।
এদিকে, নেত্রকোনায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের দ্বন্দ্বে রবিবার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গত বুধবার অটোরিকশা চালকদের সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটি হয়। শুক্রবার বিকালে বৈঠক ডেকে বিষয়টি মিমাংসা হলেও রাতে আবার অটোরিকশা চালকরা বাস ভাঙচুর করলে শ্রমিক ইউনিয়ন জেলার অভ্যন্তরীন সব রুটে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। অন্যদিকে, শনিবার সন্ধ্যায় টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হলে ধর্মঘট আরও জোরদার হয়।