আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। রাজধানীর নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনের আঙ্গিনায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে শপথ গ্রহণ করান।
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারাসহ প্রায় চার হাজার অতিথি অংশ নেন। এদের মধ্যে বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন আবদুল গাইয়ুম, ভুটানের প্রধানমন্ত্রী থেশেরিং তবগে ও সার্কের পর্যবেক্ষক দেশ মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ছিলেন।
ভারতের কোনো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে এ প্রথম সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে এছাড়া বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।
এদিকে শপথ অনুষ্ঠানের আগে মোদি সোমবার সকালে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে প্রকাশ জাভেদকার ও ড. হর্ষবর্ধনসহ বিজেপি’র অন্য নেতারা মোদির সঙ্গে ছিলেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। নিরাপত্তা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য শপথ অনুষ্ঠানে দায়িত্ব পালন করছে। মোতায়েন করা হচ্ছে ছয়টি ডগ স্কোয়াড, তিনটি বোম্ব স্কোয়াড। এছাড়া ১২টি বিমান বিধ্বংসী কামান ও ভূমি থেকে আকাশে নিপেযোগ্য ক্ষেপনাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে মন্ত্রিসভার সদস্য নির্বাচনে রোববার দিনব্যাপী গুজরাট ভবনে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য বিষয়ে বিজেপি সভাপতি রাজনাথ সিংসহ অন্যান্য সিনিয়র নেতা বৈঠক করেন।