ঢাকা : গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শরিক হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা কর্তৃক আয়োজিত পুস্তক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফখরুল বলেন, সত্যিকার অর্থে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র তৈরি করতে চাইলে বই পড়ার বিকল্প নেই।
তিনি বলেন, স্ব-ঘোষিত এই সরকার মানুষের মুক্ত চিন্তায় হস্তক্ষেপ করেছে। ক্ষমতায় এসে গণমাধ্যম বন্ধ করে সম্পাদকদের জেলে নিয়েছে এবং ভিন্নমত পোষণকারী বই ও প্রকাশনা বন্ধ করে দিয়েছে। তাই গণতন্ত্র রক্ষার আন্দোলন গড়ে তুলতে জ্ঞানের সক্ষমতা তৈরি করতে বই পড়তে হবে।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।