খাগড়াছড়ি : ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় জড়িত সন্দেহে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনকে (৪৫) খাগড়াছড়ি থেকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্ণিল ডাকবাংলো এলাকার দুবাই বসরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি যে বেলাল হোসেন, তা ফেনী সদর থানার ওসি মাহবুব মোর্শেদের সঙ্গে ফোনে বিস্তারিত আলোচনা করে নিশ্চিত হয়েছেন।
ওসি মাইনউদ্দিন আরও জানান, বেলাল মাটিরাঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের দক্ষিণ ত্রিপুরায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে ধারনা করা হচ্ছে। এর আগে, গত সোমবার সকালে বেলালের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে একরাম সমর্থকরা। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে।
বেলাল ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একরামুল হক একরামের সহযোগী ছিলেন।