ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে গোলাম মোস্তফা (৫৫) নামের এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোস্তফা ওই এলাকার কাঞ্জিয়া মামুদের পুত্র। এলাকাবাসী জানায়, সকালে নিহতের বাড়ীর অদুরে একটি পাট ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। থানায় মামলা হয়েছে।