জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: ভ্যানচালক রফিকুল ইসলামকে কোটিপতির স্বপ্ন দেখানো জ্বীনের বাদশা জনতার হাতে আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নীলফামারী জেলার জলঢাকা শহরের বাস স্ট্যান্ডে।
সূত্র মতে, জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী এলাকার আব্দুস ছাত্তারের পুত্র ভ্যানচালক রফিকুল ইসলামের মোবাইল ফোনে ১৫/১৬ দিন আগে গভীর রাতে কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে ইসলামের বয়ান শোনানো হয়। শেষে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে জ্বীনের বাদশা ভ্যানচালক রফিকুলকে বলেন, কোটিপতি হতে গেলে মক্কায় দুম্বা কুরবানি দিতে হবে। আর এজন্য টাকা দিতে হবে। সহজসরল ওই ভ্যানচালক কোটিপতি হওয়ার লোভে তিন দফায় বিকাশের মাধ্যমে ৫১ হাজার টাকা প্রেরণ করে। ভ্যানচালক রফিকুল জানায়, নিজের পোষা গরু ও ধান বিক্রি করা টাকা এবং পরবর্তীতে মানুষের কাছ থেকে ধার করে শেষ ধাপের টাকা দেয়া হয় কথিত জ্বীনের বাদশাকে। কিন্তু মক্কায় দুম্বা কেনার টাকা দেয়ার পরেও জ্বীনের বাদশার আরও ২১ হাজার ৫শ টাকা দাবি করে। কিন্তু ওই টাকা সরাসরি হাতে দেয়ার প্রস্তাব করলে তিনি শনিবার টাকা নিতে জলঢাকা বাসস্ট্যান্ডে আসেন। ভ্যানচালক রফিকুল কৌশলে রুমালে মোড়ানো টাকা সদৃশ কতগুলো কাগজ জ্বীনের বাদশা হাতে দিয়েই চিৎকার শুরু করেন। চিৎকার শুনে জনতা কথিত জ্বীনের বাদশাকে আটক করে। আটক জ্বীনের বাদশা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মাদারপুর গ্রামের হাসান শেখের পুত্র সোহেল রানা। সে প্রতারণা করে রফিকুলের কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, জ্বীনের বাদশা আটকের এমন ঘটনা তিনি জানেন না।