নীলফামারী প্রতিনিধি: সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগে নীলফামারীতে গোলাম রব্বানী (১৯) নামের এক বখাটের এক মাসের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট সাবেত আলী এ সাজা দেন। সাজাপ্রাপ্ত রব্বানী জেলার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের ফকিরপাড়ার হামিদুল ইসলামের ছেলে এবং নীলফামারী টেকনিক্যাল স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ জানান, স্কুল যাতায়াতের পথে বখাটে রব্বানী প্রায়ই ঐ ছাত্রীকে উত্তক্ত করতো। রোববার সকালে ঐ স্কুল ছাত্রী তার টুপামারীর বাড়ি থেকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে যাবার পথে মানিকের মোড় এলাকায় ঐ ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেয় বখাটে রব্বানী। মেয়েটি তার প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় ঐ বখাটে তাকে ভয়ভীতি প্রদান করে। এসময় এলাকাবাসী বখাটেকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে গোলাম রব্বানীকে আটক করে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি এক মাসের বিনাশ্রম সাজা দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটে যুবককে বাংলাদেশ দন্ডবিধির ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।