
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় কুড়িয়ে পাওয়া কোমল পানীয় খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কামরুল হাসান (৩) সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাচলিয়া এলাকার লুৎফর রহমানের ছেলে। অসুস্থরা হলো নিহতের বড় দুই ভাই আল-মামুন (১০) ও নাজমুল হাসান (৭)। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের মা আলুফা বেগম জানান, ভোরে তিন ছেলে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে ২৫০ মিলি ওজনের একটি কোমল পানীর বোতল পরিত্যক্ত অবস্থায় পায়। সেটি বাড়িতে আনার পর স্বামী ও তিন ছেলে ভাগ করে খায়। কিছুক্ষণের মধ্যে তিন ছেলে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে শিশু কামরুলের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় নাজমুল হাসানকে বগুড়ায় পাঠানো হয়। তবে আল-মামুন কিছুটা সুস্থ হয়ে উঠায় তাকে বাড়ি পাঠানো হয়। নিহতের লাশ বাড়িতে নিয়ে আসার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।