চট্টগ্রাম: সীতাকুণ্ডে সড়কে ব্যারিকেড দিয়ে ১০ গাড়ির যাত্রীদের সর্বস্ব লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাতচক্র। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মূল সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।
নিঃশ্ব যাত্রীরা জানান, ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড, ছোট কুমিরা, পন্থিছিলা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ ১০টি গাড়িতে ডাকাতি শুরু করে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল। ডাকাতরা অস্ত্রের মুখে গাড়ির চালক-সহকারী ও যাত্রীদের মোবাইল ফোন, টাকা-পয়সা এবং সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতির সময় কয়েকজন যাত্রী ও যানবাহন চালক বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা এক ড্রাইভারসহ পাঁচ যাত্রীকে কুপিয়ে আহত করে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাতে বৃষ্টি এবং মহাসড়কে যানজট থাকার কারণে কোনো সংঘবদ্ধ চক্র ডাকাতির ঘটনা ঘটাতে পারে। এই ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।