সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার কয়াগোলাহাট থেকে একই রাতে ৬টি হালের গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার ডাঙ্গাপাড়ার মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে মিন্টুর গোয়ালঘর থেকে ৩টি এবং একই পাড়ার জাতীয় পার্টির ১নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হানিফের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি যায়। চোরেরা বিকল্প চাবি দিয়ে উভয় গোয়ালঘরের তালা খুলে গরুগুলো চুরি করে। ওসব গরুর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে গরু মালিক মিন্টু ও আব্দুল হানিফ দাবি করেন।
স্থানীয় পান দোকানদার মোঃ শফিক জানান, গভীর রাতে তার দোকানের পাশের রাস্তায় একটি খালি পিকআপ দাঁড়ানো ছিল। এলাকাবাসীর ধারণা, চোরেরা ওই পিকআপের মাধ্যমে চোরাই গরুগুলো নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন, অন্যান্য রাতে এলাকায় টহল পুলিশ দেখা গেলেও অজ্ঞাত কারণে ঘটনার রাতে টহল পুলিশকে দেখা যায়নি।
দীর্ঘদিন গরু চুরির ঘটনা বন্ধ থাকলেও হঠাৎ করে তা শুরু হওয়ায় উৎকন্ঠায় ভুগছেন এলাকাবাসী। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।