আন্তর্জাতিক ডেস্ক: আব্দুল ফাত্তাহ আল সিসিকে মিশরের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করে সে দেশের নির্বাচন কমিশন। এতে জানানো হয়েছে, সাবেক সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল সিসি ৯৬ দশমিক ৯ ভাগ পেয়ে ভোটে জয়ী হয়েছেন।
সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট।
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে অর্ধেকেরও কম ভোটার অংশ নেয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড এই নির্বাচনকে `রক্ত-রঞ্জিত নির্বাচন’ আখ্যা দেয়। তারা এ নির্বাচনে অংশ নেয়নি।
এ ছাড়া ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারককে উৎখাতের আন্দোলনে যোগ দেওয়া অনেক উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ মানুষও নাগরিক অধিকার হরণের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে।
এদিকে, জয়লাভের পর সিসি প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
গত বছরের জুলাই মাসে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করেন সেনাপ্রধান সিসি।
সূত্র : বিবিসি ও আল জাজিরা।