পাবনা: জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ফারুক হোসেন (৩৫)।
বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক নেংড়ী গ্রামের আলহাজ খলিল মাস্টারের ছেলে।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, গরমের কারণে রাতে নিজের ঘরে জানালা খুলে ঘুমিয়েছিলেন ফারুক হোসেন। রাত ২টার দিকে সন্ত্রাসীরা খোলা জানালা দিয়ে ফারুককে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি ফারুকের পাঁজরে লাগে।
গুলির শব্দে ও চিৎকারে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে রাতেই মারা যান ফারুক।
পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।