নীলফামারী প্রতিনিধি: ধানের দাম ৮৫০ নির্ধারণ করে বড় বড় হাট-বাজারে ক্রয় কেন্দ্রের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়, সার-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ আট দফা দাবিতে কৃষি মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা কৃষক সমিতি। রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক জাকির হোসেনের মাধ্যমে কৃষি মন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেন কৃষক নেতারা।
এসময় কৃষক সমিতিরি সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, কৃষক নেতা উদাস রায় ও উপেন্দ্র রায় উপস্থিত ছিলেন।
কৃষক নেতারা বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলিয়ে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়না। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে কৃষিতে এর বিরুপ ভূমিকা পড়বে বলে জানান তারা। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আট দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।