সিসিনিউজ: ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ছবিটি মুক্তির ২৫ বছরে পদার্পণ যেন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কথা আরেকবার মনে করিয়ে দেয়।চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ। নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন। ছবিটি এতটাই আলোচিত হয়েছিল যে ১৯৯১ সালে মতিউর রহমান পানুর পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় রিমেক হয় এটি। ইলিয়াস কাঞ্চনের জায়গায় শুধু অভিনয় করেছিলেন কলকাতার চিরঞ্জিৎ । বাংলাদেশ-ভারতের প্রথম প্রযোজনার এ ছবিটিও সেসময় দারুণ ব্যবসা সফল হয়েছিল দুই বাংলাতেই।
ইলিয়াস কাঞ্চন বলেন, “এটা যদি বাংলাদেশে না হয়ে হলিউডে নির্মিত হতো তাহলে এই ছবিটি জায়গা করে নিতো পাঠ্যবইয়ে। কাজ হতো নানানভাবে। গবেষণা করা হতো। কিন্তু এদেশে তেমন কিছুই হয়নি। একটা ছবি কেন এত ব্যবসা করল তা নিয়ে কেউ তেমন গবেষণা এবং জানারও চেষ্টা করলো না। এটা করলে আরও সফল ছবি এদেশে নির্মাণ হতো। কয়েক মাস আগে হল্যান্ডের এক সাংবাদিক এদেশে অাসেন ছবিটি নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে। অথচ এদেশের কেউ এটা নিয়ে কোনও আগ্রহ দেখায়নি।”