সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের নাড়িয়া খাম্বা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় ৬ ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১টার দিকে।
হাসপাতালে ভর্তি আহত ভ্যান যাত্রীরা হলেন জলঢাকার বেরুবন্দ গ্রামের রমজান (৫৮) ও তার স্ত্রী মহচেনা খাতুন (৫০), সৈয়দপুর ওয়াপদা মোড়ের ভ্যানচালক সামসুল (৫২), দেবীগঞ্জ উপজেলার মল্লিকা দহের দুই সহোদর জয়ন্ত (২২) ও কমল (২০) এবং ডোমারের দুলুয়ার বিপ্লব (২৩)। বিপ্লব নীলফামারী সরকারী কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
আহত কমল জানায়, বৃষ্টির কারণে সৈয়দপুর বাস টার্মিনাল থেকে নীলফামারীগামী কোন বাস না পাওয়ায় তারা ৫ যাত্রীসহ মহাসড়ক দিয়ে ভ্যানযোগে ওয়াপদা মোড়ে আসতেছিল। ঘটনাস্থলে এলে বাসটার্মিনালগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।