সিসিনিউজ: দেশের চলমান অবস্থায় স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই মন্তব্য করে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন অগ্নিগর্ভে রূপান্তর হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আকবর আলী খান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর এখন দেশে একটি গ্রহণ যোগ্য নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে ভাবতে হবে এবং সে পথ ধরে এগিয়ে যেতে হবে।
আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টো অনুযায়ি দেশে সুশাসন প্রতিষ্ঠায় আলোচনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, দেশে আরেকটি নির্বাচন হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তার নিশ্চয়তা নেই। এ জন্য শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণও দরকার।
রাজনৈতিক দলগুলোতে ক্ষমতা নিয়ে হালুয়া-রূটির ভাগাভাগি চলছে মন্তব্য করে তিনি বলেন, এ জন্য ভাল মানুষেরা রাজনীতিতে আসছেন না। অথচ রাজনীতিতে ভাল মানুষদের আসা উচিত। তা না হলে ভবিষ্যতে দেশ আরো ভয়াবহ দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান, সুজন সভাপতি এম. হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক বিচারপতি এবায়দুল হক চাঁন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর প্রমুখ।