সিসিনিউজ ডেস্ক: ব্রাজিলে বৃহস্পতিবার ফুটবলকে স্বাগত জানালো ৬০০ নৃত্যশিল্পী, জিমন্যাস্ট, ট্রামপোলিনিস্ট।
‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের পর্দা উঠলো সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে। জমাকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ফুটবল মহাযজ্ঞের।
বিশ্বকাপ ফুটবলের ২০তম আসরের ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা মাতিয়ে তুলেন বিশ্ববাসীকে। স্টেডিয়ামের মাঝে ফুটবলের তৈরি স্টেজ। পুরো আয়োজন, নৃত্যশিল্পী ও জিমন্যাস্টদের পারফর্মেন্স যেন ফুটবলটিকে ঘিরেই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় বিশ্বকাপের মাসকট ‘ফুলেসো’। পুরো অনুষ্ঠানে ছিল নাচ, অ্যাক্রোবেটিকস ও গানের সমন্বয়ে এক ধরনের ব্রাজিলিয়ান মার্শাল আর্টের প্রদর্শন, যা ফুটিয়ে তুলেছে ব্রাজিলের জাতীয় ঐতিহ্য, প্রাকৃতিক বৈচিত্র্য ও বিশেষ নৃত্য ‘সাম্বা’-কে।
সবশেষে বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’ এ পারফর্ম করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী র্যাপার পিটবুল, জেনিফার লোপেজ ও ক্লদিয়া লেইতে।