যশোর: উৎকোচের বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্রে নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভনের অভিযোগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে যশোর থেকে শুক্রবার বিকেলে শিক্ষক আকবর আলীকে গ্রেফতার করে পুলিশ।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১২ সালের অনার্স পার্ট-২ ইংরেজী (আবশ্যিক) পরীক্ষার উত্তরপত্রে নম্বর বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে আকবর আলী যশোর এম এম কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে যোগাযোগ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারলে শিক্ষামন্ত্রী ও যশোর জেলা প্রশাসককে অবহিত করে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় প্রশাসন মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে যশোর নিউ মার্কেট এলাকা থেকে শুক্রবার বিকেলে ওই শিক্ষককে পরীক্ষার উত্তরপত্রসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষনিক পদক্ষেপ গ্রহণ করায় শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. হারুন-অর-রশিদ স্থানীয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।